ফিনটেক-এ আরও উদ্ভাবন ও বিদেশী বিনিয়োগ আকৃষ্টের আহ্বান আইসিটি প্রতিমন্ত্রীর
গত ছয় বছরে দেশে স্টার্টআপ খাতে ৯০০ কোটি টাকার বিনিয়োগ এসেছে। সেই ধারাবাহিকতায় ফিনটেক খাতে বিদেশী বিনিয়োগ আনতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। আর এজন্য ‘বিকাশ’ এর মতো আরো অভিনব সল্যুশন তৈরিতে উদ্ভাকদের মনোনিবেশ করার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি। একই সঙ্গে জাতীয় পর্যায়ে প্রভাবকের ভূমিকা পালনকারী উদ্যোগগুলো বাস্তবায়নে আইসিটি বিভাগ মেন্টরিং ও ফান্ডিংয়ের জন্য প্রস্তুত বলেও জানান প্রতিমন্ত্রী।
শনিবার রাজধানীর রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন হোটেলে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের ফ্লাগশিপ ইভেন্ট দ্বিতীয় বাংলাদেশ ফিনটেক সামিটে ৪র্থ ফিনটেক অ্যাওয়ার্ড অনুষ্ঠানের সমপনী অনুষ্ঠানে এসব কথা বলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
এসময় আগামী বছর থেকে ফিনটেক অ্যাওয়ার্ড-কে নিয়মিত ফিনটেক সামিট করতে আইসিটি বিভাগ সঙ্গী থাকবে বলেও ঘোষণা দেন প্রতিমন্ত্রী।
প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে ‘প্রত্যেক নাগরিককে অগ্রগামী হতে হবে’ বলে মন্তব্য করেন পলক।
ফিনটেক ইকোসিস্টেম গড়তে সরকার এরই মধ্যে প্রয়োজনীয় ইন্টারনেট, ডিজিটাল আইডি ও আন্তঃ লেনদেন পরিকাঠামে গড়ে তুলেছে উল্লেখ করে প্রতিমন্ত্রী আরো বলেন, একটি সল্যুশন বদলে দিতে পারে পুরো জাতির চেহারা। তেমনি একটি সাহসী উদ্ভাবনী উদ্যোগ বিকাশ। ন্যাশনাল পেমেন্ট সুইচ এই কাজকে সহজ করেছে। এর ফলে প্রতিদিন ২৫ কোটি টাকা লেনদেন। দেশে গড়ে উঠেছে শতাধিক নবীন উদ্যোক্তা।
অনুষ্ঠানে নাগরিক জীবন সহজিকরণে দেশীয় সল্যুশনের অনন্য উদ্যোগগুলোকে পুরস্কৃত করার পাশাপাশি নিজস্ব উদ্ভাবনী শক্তির দ্যুতি প্রকাশ করলো ৪র্থ ফিনটেক সম্মেলনে।
মাস্টারকার্ডের সৌজন্যে, বিকাশ লিমিটেডের সঞ্চালনায় এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, উপায়, বেসিস এবং দ্য ডেইলি স্টারের সহযোগিতায় অনুষ্ঠিত এই সম্মাননা অনুষ্ঠানের উদ্যোগে ছিল বাংলাদেশ ফিনটেক ফোরাম এবং আয়োজনে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম। এই আয়োজনে প্রায় ৫০০ জন ফিনটেক খাতে নিয়োজিত ব্যক্তি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ খাতের প্রতিনিধি ও বিশেষজ্ঞদের উপস্থিতিতে মর্যাদাপূর্ণ এ সম্মাননাটি বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয়।
বাংলাদেশ ফিনটেক ফোরামের প্রতিষ্ঠাতা এবং বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক শরিফুল ইসলাম, ওয়ার্ল্ড ব্যাংকের কনসালটেন্ট ও আইডিইএ ফাউন্ডেশনের সিনিয়র রিসার্চার অ্যান্ড পলিসি এনালিস্ট হুসাইন এ সামাদ, বেসিস সাবেক সভাপতি ফাহিম মাশরুর, শামীম আহমেদ প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।







